সৌদি আরবের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ধ্বংস করে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। একই সঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকেও আকাশেই ধ্বংস করে দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ছয়টি ড্রোন ভূপাতিত করে। পাশাপাশি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
এই অভিযানের জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন