ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে জানা গেছে।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হয়। সেই বাধ্যবাধকতা পূরণেই এবারের অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন ঘিরে সংসদ সচিবালয় ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিলের ওপর সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময় কম রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।
এদিকে, চতুর্থ অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশনের মোট কার্যদিবস, সময়সীমা এবং বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনার সুযোগ থাকবে। পাশাপাশি উত্থাপিত বিলগুলো নিয়েও আলোচনা করবেন সংসদ সদস্যরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন