জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ ও চিকিৎসাসেবার মান বাড়াতে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের উন্নয়নকাজের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন। এসব উদ্যোগের ফলে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকেরা নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ নিয়ে কাজ করছেন। তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি রোগীদের সঙ্গে আরও মানবিক, সহনশীল ও আন্তরিক আচরণ করার জন্য চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় বরাদ্দ দিতে সরকারের সদিচ্ছা রয়েছে। ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বাস্তবায়িত হলে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নত হবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন