লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানে সফলভাবে আঘাত হেনেছে।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের ‘মিশমার আল-কারমেল’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ভোর সাড়ে ৪টার দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর দক্ষিণ লেবাননের আল-আদাইসা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর সকাল ৮টা ১৫ মিনিট ও ৮টা ২০ মিনিটে পরপর দুটি রকেট হামলা চালানো হয়। আভিভিম বসতি এবং কিরিয়াত শমোনা এলাকাতেও পৃথক হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
সংগঠনটির মতে, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও স্বাধীনভাবে তা যাচাই করা যায়নি। এদিকে হামলাগুলোর পর উত্তর ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সীমান্তজুড়ে এই ধরনের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
সূত্র: আল জাজিরা
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন