ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় বড় তারকাদের ছাড়া তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও পারফরম্যান্সে কোনো ছাপ পড়তে দেয়নি তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে গেছে কিউইরা, এখন তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। বাংলাদেশের কন্ডিশনে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের হারিয়ে সিরিজ জিততে পারলে সেটিকে বড় অর্জন হিসেবেই দেখছেন কিউই অলরাউন্ডার নাথান স্মিথ।
দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, কঠিন বিদেশি কন্ডিশনে নিজেদের প্রমাণ করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, ‘আমরা এমন পরিবেশে খেলতে চাই এবং শিখতে চাই কীভাবে জিততে হয়। গত ম্যাচে বাংলাদেশকে চাপে রাখতে পেরেছি, তাই সিরিজ জিততে পারলে সেটি আমাদের জন্য বড় সাফল্য হবে।’ প্রথম ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করেন অভিষিক্ত ডিন ফক্সক্রফট। ম্যাচসেরা হওয়া এই ক্রিকেটারকে নিয়ে স্মিথ বলেন, ‘তার লাইন-লেন্থ ও গতি ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল।’
স্পিন বিভাগ নিয়েও সন্তুষ্ট কিউই শিবির। বিশেষ করে জেইডেন লেনক্স-এর প্রশংসা করে স্মিথ বলেন, তিনি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন। পাশাপাশি মিচেল স্যান্টনার-এর মতো বিশ্বমানের স্পিনার দলে থাকায় প্রতিযোগিতা আরও কঠিন। এদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এর উইকেট আচরণ নিয়েও কথা বলেন স্মিথ। তার মতে, দিনের তাপ ও রোদের প্রভাবেই উইকেটে পরিবর্তন এসেছে। দিনের বেলায় উইকেট কিছুটা শুকিয়ে ফেটে গেলেও রাতে ফ্লাডলাইটের পর তার আচরণে ভিন্নতা দেখা গেছে।
সব মিলিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে নিউজিল্যান্ড, যা তাদের জন্য বড় অর্জন হয়ে উঠতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন