মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রতিক্রিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের বার্তাটি ওয়াশিংটনের কাছে পৌঁছানো হলেও এর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিদের পাঠানো প্রতিক্রিয়া তিনি পড়েছেন এবং সেটি তার মোটেও পছন্দ হয়নি। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে, এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার যে সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিও আবার অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের জবাবে মূলত সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কবে বা কীভাবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে ইরান কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি। এতে মার্কিন প্রশাসনের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে ইরান কয়েকটি কঠোর শর্তও দিয়েছে। তেহরানের দাবি, আলোচনার আগে ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
তবে ওয়াশিংটন শুরু থেকেই এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সংকট আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন