বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আমের চালানটি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ও সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। মোট ১০০টি কার্টনে ৫ কেজি করে এসব আম পাঠানো হয়েছে। পাঠানো আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে বিতরণ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিবছর মৌসুমি ফল উপহার বিনিময়ের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন