ইসরায়েলের আইনসভায় মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের একটি বিতর্কিত প্রস্তাব প্রাথমিক অনুমোদন পেয়েছে। দেশটির কট্টরপন্থী একটি রাজনৈতিক দলের উত্থাপিত এই প্রস্তাবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত বিধান অনুযায়ী, সরকারি বিশেষ অনুমতি ছাড়া কোনো ধর্মীয় উপাসনালয়ে মাইক বা জনসমক্ষে শব্দ সম্প্রচারের যন্ত্র স্থাপন ও ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গের অভিযোগ উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট স্থাপনায় প্রবেশ করে তাৎক্ষণিকভাবে মাইক বন্ধ করার ক্ষমতা পাবে।
এ ছাড়া আইন অমান্যের ঘটনা অব্যাহত থাকলে উপাসনালয়ের ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও মাইক জব্দ করার সুযোগও রাখা হয়েছে। নতুন বিধান প্রথমবার লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার শেকেল পর্যন্ত অর্থদণ্ডের প্রস্তাব রয়েছে। আইনসভায় অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৫০ জন এবং বিপক্ষে ৩৬ জন সদস্য ভোট দেন। তবে এটি এখনো চূড়ান্ত আইন নয়। কার্যকর হতে হলে আরও তিন দফা আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পেতে হবে।
প্রস্তাবটি ঘিরে দেশটিতে ধর্মীয় স্বাধীনতা, উপাসনার অধিকার এবং জনশৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণে এই উদ্যোগ প্রয়োজনীয়। অন্যদিকে সমালোচকদের মতে, এটি ধর্মীয় চর্চার ওপর অযৌক্তিক হস্তক্ষেপের শামিল।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন