প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত লড়াই উপহার দেয় কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারলেও তাদের সাহসী পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবল বিশ্বে।
বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার পর জাতীয় দলের ফুটবলারদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দলের অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা বলেন, “বিশ্বকাপে আমাদের যাত্রা নিয়ে আমরা গর্বিত। তবে আমাদের লক্ষ্য ছিল আরও অনেক দূর যাওয়ার।” পুরো টুর্নামেন্টে কেপ ভার্দের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল গোলরক্ষক ভোজিনহার। বিশ্বকাপে অভিষেক ম্যাচে স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে গোলশূন্য ড্র নিশ্চিত করেন তিনি। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ভরসা দেন। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ম্যাচেও তিনটি সেভ করে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন।
সবচেয়ে আলোচিত পারফরম্যান্স আসে আর্জেন্টিনার বিপক্ষে। হারলেও সেই ম্যাচে একাই আটটি সেভ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই গোলরক্ষক। পুরো বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ভোজিনহা। তার দুর্দান্ত ফিটনেস, ক্ষিপ্রতা ও নেতৃত্ব কেপ ভার্দের রূপকথার অন্যতম ভিত্তি হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন