বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবেক আমিরের মৃত্যুসংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে কাতারের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের আন্তরিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের এই বন্ধন আরও শক্তিশালী হয়েছে।
শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন