দেশের চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন গঠিত ১৫ সদস্যের বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর সদস্যসচিব হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
সরকারি সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে স্থান পেয়েছেন চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
সরকার জানিয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী নতুন এই বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত আগের বোর্ড বাতিল করে নতুন বোর্ডের কার্যক্রম অবিলম্বে চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন