সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের মতে, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি। বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জোটের নেতারা এসব কথা জানান।
নেতারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সংকট মোকাবিলার পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানানো হয়।
জোটের নেতারা আরও বলেন, মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করার প্রয়োজন রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব দেশের উৎপাদন ও রপ্তানি খাতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে নিজেদের চলমান আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি অনুযায়ী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন জোটের নেতারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন