ঢাকা | |

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা ইস্যুর ওপর থাকা স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। দেশটির একটি ফেডারেল
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা ইস্যুর ওপর থাকা স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। দেশটির একটি ফেডারেল আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই। ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া আবার শুরু করা যাবে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। এই ভিসার মাধ্যমে সাধারণত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয় এবং পরবর্তী সময়ে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পথ খুলে যায়।


মার্কিন সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, যেসব আবেদনকারীর যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা বেশি, তাদের বিষয়ে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন থেকেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় ফেডারেল আদালতের বিচারক জেনেট ভার্গাস এই নীতির বিরুদ্ধে রায় দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক।


আদালত বলেন, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছে। আদালতের রায়ের পর ২১ আগস্ট থেকে ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ কার্যত শেষ হয়ে যায়। ২৮ আগস্ট হালনাগাদ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকরা আবার অভিবাসী ভিসার জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় এগোতে পারবেন। তবে ভিসা পাওয়ার জন্য আবেদনকারীদের প্রচলিত সব যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। স্থগিতাদেশ চলাকালীন আগে থেকে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হয়নি। এমনকি নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত আবেদন প্রক্রিয়ার শেষ ধাপে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।


বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, কিউবা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, ঘানা, গুয়াতেমালা, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ। বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য স্থগিতাদেশ উঠে যাওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা কমেছে। এখন নিয়মিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের অভিবাসী ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা