ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস এবার বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করেছেন। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব জয় করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট নিজের করে নেন ডোমিনিকান এই সুন্দরী। এর আগে জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ নির্বাচিত হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
শুধু সৌন্দর্য ও মডেলিং নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন জোহেইরি। তিনি শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয়। এসব গুণের কারণে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তার অংশগ্রহণ বাড়তি গুরুত্ব পায়। শনিবারের চূড়ান্ত আয়োজনে গতবারের বিশ্বসুন্দরী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ীর মাথায় নীল মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বসুন্দরীর দায়িত্ব গ্রহণ করেন জোহেইরি।
মুকুট জয়ের পর এখন আন্তর্জাতিক অঙ্গনে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি। একই সঙ্গে বিশ্বব্যাপী ‘বিউটি উইথ আ পারপাস’ বা সৌন্দর্যের মাধ্যমে মানবকল্যাণের প্রচারাভিযানে প্রতিনিধিত্ব করবেন এই ডোমিনিকান সুন্দরী। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। আর দ্বিতীয় রানারআপের মর্যাদা পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
সূত্র: বিবিসি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন