দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও শ্রেণিকক্ষের দায়িত্ব থেকে সরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার এ বইমেলার আয়োজন করে।
মঈন খান বলেন, দেশের যেকোনো সংকটে ছাত্রসমাজকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে। জুলাইয়ে শিক্ষার্থীরা যেভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও স্বৈরশাসনের বিরুদ্ধে এগিয়ে এসেছিল, তা দেশের জন্য নতুন দিকদর্শন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে দেশের জন্য কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া ও শ্রেণিকক্ষের দায়িত্ব পরিত্যাগ করা উচিত নয় বলে সতর্ক করেন মঈন খান। তিনি বলেন, সবকিছু করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
বই ও পাঠাগারকে শিক্ষার্থীদের জীবনের অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম মুঠোফোনে পড়ুক, ই-বই পড়ুক কিংবা পাঠাগারে গিয়ে বই পড়ুক—পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। মুঠোফোন ও নতুন প্রযুক্তির নেতিবাচক দিকের পাশাপাশি ইতিবাচক ব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। শিশু ও তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করা গেলে নতুন প্রযুক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন