বলিউড অভিনেত্রী শেহনাজ গিল বর্তমানে অভিনয়ে তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। এবার এক ভক্তের ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশকে ঘিরে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেহনাজ গিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এক ভক্ত নিজের বুকে অভিনেত্রীর মুখাবয়বের উল্কি আঁকিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি সামনে আসার পর বিস্ময় প্রকাশ করেন ‘বিগ বস’খ্যাত এই তারকা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত নিজের শার্টের বোতাম খুলে বুকে আঁকা শেহনাজের মুখের উল্কিটি অভিনেত্রীকে দেখাচ্ছেন। বিষয়টি দেখে বেশ অবাক হয়ে যান শেহনাজ। পরে পাঞ্জাবি ভাষায় ওই ভক্তকে উদ্দেশ করে অভিনেত্রী জানতে চান, কেন তিনি নিজেকে কষ্ট দিয়ে এমন উল্কি করিয়েছেন।
জবাবে ওই ব্যক্তি জানান, তিনি শেহনাজের একজন বড় ভক্ত। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই বুকে অভিনেত্রীর ছবি আঁকিয়েছেন। ভক্তের কথা শুনে শেহনাজ তাকে ধন্যবাদ জানান। এমনকি করমর্দনের মাধ্যমে নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, ওই ভক্ত এর আগেও নিজের হাতে শেহনাজের নাম বা ছবি উল্কি করিয়েছিলেন। তখন শেহনাজ তাকে বুকে আর কোনো উল্কি না করার অনুরোধ জানিয়েছিলেন।
তবে সেই অনুরোধের পরও প্রিয় তারকার মুখ নিজের বুকে স্থায়ীভাবে এঁকে ফেলেছেন ওই ভক্ত। আর তার এমন ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন