ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ লাইনচ্যুত হলো পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি। আর এর প্রভাবেই প্রায় ছয় ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথ। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে একাধিক যাত্রীবাহী ট্রেন, আর দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। রোববার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার আওতাধীন কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরবাহী বিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এরপর আবার স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল। রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্ধারকাজ সহজ করতে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে মালবাহী ট্রেনের বাকি বগিগুলো মশাখালী রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়।
এদিকে এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার এবং যমুনা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানিয়েছেন, লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন সচল করার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন