মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে কি সত্যিই সরে দাঁড়াচ্ছেন ইশরাক হোসেন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই আজ সোমবার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন এই বিএনপি নেতা। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পরও রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড থেকে সরে যাচ্ছেন না তিনি। বরং মাদক নির্মূল এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।
সোমবার, ১৯ অক্টোবর সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ তথ্য জানান। সেখানে তিনি বলেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। তাঁর এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কিছু মানুষের উচ্ছ্বাসের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশে অবস্থানরত সমর্থকেরা দেশে ফিরে আন্দোলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন।
ইশরাক হোসেন আরও জানিয়েছেন, সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবেই তিনি মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যেতে চান। তাঁর বক্তব্য অনুযায়ী, পদ-পদবির বাইরে থেকেও মাদক নির্মূলের কার্যক্রম আরও বেশি উদ্দীপনা নিয়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনার কথা উল্লেখ করেন এই নেতা।
নিজের ফেসবুক পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’ ইশরাকের এই ঘোষণার পর এখন রাজনৈতিক মহলের নজর দুপুর ২টার সংবাদ সম্মেলনের দিকে। সেখানে তিনি পদত্যাগের বিষয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত জানান, পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে কী ব্যাখ্যা দেন, সেটিই এখন দেখার বিষয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন