জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথেই সংঘর্ষে জড়ালেন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার ৯ নভেম্বর বিকেলে উপজেলার মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামতের অনুসারী বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত রিফাত উল্লাহকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রিফাত উল্লাহ, এরশাদ উল্লাহ, বাহর আলী, ফারুক ও আনসার আলীর নাম জানা গেছে।
এই হামলার জন্য উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনকে দায়ী করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন চৌধুরী সালামত। তার অভিযোগ, র্যালি শেষে বাড়ি ফেরার পথে মোবারক হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় মোবারকের ভাই সুমন চীনা কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করেন। অন্যদেরও মারধর করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোবারক হোসেন। তার দাবি, রোববার সকালে র্যালিতে অংশ নেওয়ার দাওয়াত দিতে গেলে কালাপাহাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালামকে মারধর করেন সালামত ও তার লোকজন। এতে আবু কালামের হাত ভেঙে যায়।
মোবারকের ভাষ্য অনুযায়ী, সকালের ওই ঘটনার জের ধরে বিকেলে র্যালি শেষে সালামত ও তার অনুসারীরা ইউনিয়ন বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান ও বজলুকেও মারধর করেন। এতে র্যালিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে পরবর্তী হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। স্থানীয় রাজনীতিতে এই বিরোধের পেছনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনও একটি কারণ হতে পারে বলে জানা গেছে। সালাহউদ্দিন চৌধুরী সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী।
এর আগে গত ২১ অক্টোবর রাতে সোনারগাঁয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহির রহমানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে নিহতের পরিবারের করা মামলায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। এদিকে সংঘর্ষের বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানিয়েছেন, হামলার বিষয়ে পুলিশ কিছু জানে না। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন