হরমুজ প্রণালিতে নৌ অবরোধের পর এবার ইরানের স্থলভিত্তিক সরবরাহ ব্যবস্থাও বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যাতে স্থলপথ ব্যবহার করে উন্নত অস্ত্র, সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ পরিবহন করতে না পারে, সে লক্ষ্যেই নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনী। এর ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার ৭ নভেম্বর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড বা সেনটকম এ ঘোষণা দেয়। সেনটকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, নতুন এই টাস্কফোর্সের নাম দেওয়া হয়েছে ‘আইরিন গেট’। সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে চলমান অবরোধের কার্যকারিতা আরও বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা থেকে পরিচালিত হবে এই বিশেষ বাহিনী। ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরজুড়ে অস্ত্রের চালান, সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতায় থাকা উপকরণ এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করতে অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা। মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয়ের মতে, এই বাহিনীর প্রধান কাজ হবে ইরানে কোথা থেকে অস্ত্র আসছে, কীভাবে সেগুলো পরিবহন করা হচ্ছে এবং দেশটি কীভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখছে, তা শনাক্ত করা।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিধি বাড়ানোর নির্দেশ দিলে সামরিক স্থাপনার পাশাপাশি অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর মাধ্যমে ইরানের যুদ্ধ পরিচালনা ও অর্থায়নের সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হতে পারে। এদিকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যক্রম চালাতে গিয়ে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার কথাও জানিয়েছে সেনটকম।
মার্কিন বাহিনীর দাবি, জাহাজটির নাবিকদের লক্ষ্যবস্তু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সামরিক বিমান থেকে নির্ভুল অস্ত্র ব্যবহার করে জাহাজটির পেছনের অংশে আঘাত করা হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সেনটকম আরও জানিয়েছে, জুলাই থেকে তাদের অবরোধ কার্যক্রমের আওতায় ১৪৭টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। পাশাপাশি নির্দেশ অমান্য করায় পাঁচটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জাস্ক, সিরিক ও বান্দর আব্বাস শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগের দিন কেশম দ্বীপে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হামলাগুলোকে ছোটখাটো বলে উল্লেখ করেন। একই সঙ্গে কাতারের মধ্যস্থতায় আলোচনা চলায় ইরান এখনো চুক্তিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।
তবে উত্তেজনার মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের ঘটনা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দাবি, শনিবার জাহাজ দুটি নৌপথের একটি অনিরাপদ অংশ অতিক্রম করার সময় সামুদ্রিক মাইনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে হরমুজ প্রণালির নৌ অবরোধের পাশাপাশি ইরানের স্থল সরবরাহ ব্যবস্থা বন্ধের মার্কিন উদ্যোগ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে। এতে ইরানের সামরিক সক্ষমতার পাশাপাশি দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যও নতুন চাপের মুখে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন