দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার অনেকের কাছেই স্বাভাবিক অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস দেখা, খবর পড়া কিংবা একের পর এক ভিডিও দেখতে গিয়ে কখন যে দীর্ঘ সময় পার হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। কিন্তু ঘুমানোর আগে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের এই অভ্যাস শরীরের পাশাপাশি মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রামেও বাধা সৃষ্টি করতে পারে।
চিকিৎসকদের মতে, দিনে তিন ঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে মনোযোগ এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার প্রবণতার পরিবর্তনের সম্পর্ক রয়েছে। একের পর এক নতুন ছবি, ভিডিও ও তথ্য মস্তিষ্ককে ক্রমাগত উদ্দীপ্ত রাখে। ফলে ঘুমানোর সময় হলেও মস্তিষ্ক সহজে বিশ্রামের প্রস্তুতি নিতে পারে না। ঘুমের সময় মস্তিষ্ক শুধু বিশ্রাম নেয় না, বরং স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। এ সময় মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা দিনের বেলায় জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের পাশাপাশি গভীর ও স্বস্তিদায়ক ঘুমও জরুরি।
এদিকে মোবাইল ফোনের পর্দা থেকে নির্গত নীল আলো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ মেলাটোনিন হরমোনের নিঃসরণে প্রভাব ফেলতে পারে। এই হরমোন শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণ করে। ফলে রাতে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের মানও কমে যেতে পারে। তবে শুধু নীল আলো নয়, ঘুমের আগে কী ধরনের বিষয় দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। উত্তেজক সংবাদ, ভয়াবহ ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্কে উদ্বেগ ও উত্তেজনা বাড়াতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নেতিবাচক খবর দেখার এই অভ্যাসকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’।
এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞরা ঘুমানোর আগে ফোন ব্যবহার সীমিত করার পরামর্শ দিচ্ছেন। বিছানায় ফোন না নেওয়া এবং অ্যালার্মের জন্য আলাদা ঘড়ি ব্যবহার করা যেতে পারে। ফোনের পরিবর্তে বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো কিংবা পরদিনের কাজের তালিকা তৈরি করা যেতে পারে। এ ছাড়া প্রাকৃতিক দৃশ্য, সবুজ পরিবেশ, পাহাড় কিংবা বয়ে চলা পানির শব্দ মানসিক প্রশান্তি দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শেষ সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক খবর থেকে দূরে রেখে মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। কারণ শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রামে যায় না। ঘুমের আগে মানসিক প্রশান্তি নিশ্চিত করাও সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন