ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে।
গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার তথ্য সামনে আসে। এর আগে গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে ঢাকা। অন্যদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে নয়াদিল্লি।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ই-মেইলে পাঠানো জবাবে তিনি আরও জানান, বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন