গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর আশ্বাস বারবার দিয়েও তা বাস্তবে কার্যকর করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, নেতানিয়াহু নিজের তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে যুদ্ধের দীর্ঘমেয়াদি পরিণতি বিবেচনা করতে আগ্রহী ছিলেন না। এ কারণে তার প্রতি ক্রমেই হতাশ হয়ে পড়েছিলেন বাইডেন। রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং গাজা যুদ্ধ নিয়ে নিজের হতাশার কথা তুলে ধরেছেন তিনি।
স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, নেতানিয়াহু বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ইসরায়েলের সামরিক অভিযানে আরও বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছিলেন। গাজায় ক্রমবর্ধমান প্রাণহানির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনও চাপের মুখে পড়ছিল। নেতানিয়াহু বিষয়টি বুঝতে পারলেও সামরিক অভিযানে সতর্কতা বাড়ানোর আশ্বাস অনুযায়ী মাঠপর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনেননি বলে দাবি করেছেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা কিংবা ইচ্ছা নেতানিয়াহুর ছিল না, সেগুলো দিতেও তিনি দ্বিধা করতেন না।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের মানবিক পরিণতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বারবার কথা বলেছিলেন বাইডেন। তিনি জানান, হামলার দিনই ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলেন। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে, সেটিও তাকে জানাতে চেয়েছিলেন।
বাইডেন বলেন, এমন পরিস্থিতি যেন আর কখনো ফিরে না আসে, তা নিশ্চিত করতে তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ—সেটি নেতানিয়াহুকে বোঝাতে চেয়েছিলেন। হামাসের হামলার জবাবে ইসরায়েলের কঠোর অবস্থানের বিষয়টি বুঝতে পারলেও যুদ্ধের শুরু থেকেই সংঘাতে আটকে পড়া সাধারণ মানুষের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার জন্য ইসরায়েল সরকারকে চাপ দিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেছেন তিনি।
বাইডেনের মতে, ফিলিস্তিনিদের প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের ওপরও রাজনৈতিক চাপ বাড়ছিল। কিন্তু বারবার আশ্বাস দেওয়ার পরও নেতানিয়াহু বাস্তবে প্রতিশ্রুতি রক্ষা করেননি। আগামী ১৭ নভেম্বর বাইডেনের স্মৃতিকথাটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বইটির নির্বাচিত কিছু অংশ প্রকাশিত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন