ঢাকা | |

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময়
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তার দুই শ্যালকও রয়েছেন।


রোববার ২৯ নভেম্বর ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং আরও একজন শ্যালক। চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সায়লা ফারজানা প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা এবং বিসিএসের ১৭তম ব্যাচের সদস্য। তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। তার স্বামী মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।


এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েছিলেন সায়লা ফারজানা। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রেখে আন্দোলন করেন। পরে কয়েকজন কর্মকর্তা তাকে সেখান থেকে বের করে আনেন এবং পুলিশি নিরাপত্তায় সচিবালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি। একই বছরের ৮ সেপ্টেম্বর রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।


মামলাগুলোতে মনিরুল ইসলামের পাশাপাশি তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মামলার নথি অনুযায়ী, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।


এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী