ঢাকা | |

পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড

২০২৭ শিক্ষাবর্ষে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণে নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম শিক্ষাবর্ষ
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড

২০২৭ শিক্ষাবর্ষে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণে নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম শিক্ষাবর্ষ শুরুর এক মাস আগেই প্রাথমিকের শতভাগ এবং মাধ্যমিকের ৯৮ শতাংশ বই ছাপা শেষ করে সারা দেশের উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতদিন বছরের প্রথম দিনে বই বিতরণের যে প্রচলন ছিল, এবার সেই রীতিতেও পরিবর্তন আসছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হবে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারাও জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় ৮ কোটি ২২ লাখ বই ছাপা শেষে সারা দেশে পাঠানো হয়েছে। আর মাধ্যমিকের প্রায় ২২ কোটি বইয়ের মধ্যে ৯৮ শতাংশ ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকি বইও ৩০ নভেম্বরের মধ্যে পাঠানোর লক্ষ্য রয়েছে। তবে এবার নতুন চারটি বই নিয়ে কিছুটা বাড়তি কাজ চলছে। চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দের সঙ্গে শেখা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে চারটি নতুন বই যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বের করে আনন্দের মাধ্যমে শেখা, শারীরিক ও মানসিক বিকাশ, সংস্কৃতিচর্চা এবং কারিগরি দক্ষতা অর্জনে উৎসাহিত করতেই এসব বই যুক্ত করা হয়েছে।


এই চারটি বইয়ের প্রায় দেড় কোটি কপি ছাপা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষ করে সারা দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বইগুলো বাধ্যতামূলক হলেও এ বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, বরং ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এর আগে বিনা মূল্যে বই বিতরণের কোনো বছরই জানুয়ারির প্রথম দিনে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। ২০১০ সালে বই বিতরণ শেষ করতে জুলাই পর্যন্ত সময় লেগেছিল। পরবর্তী বছরগুলোতেও ফেব্রুয়ারি, মার্চ কিংবা এপ্রিল পর্যন্ত বই বিতরণের কাজ চলেছে। করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এমনকি ২০২২ সালেও বই ছাপা ও বিতরণের কাজ শেষ হয় মার্চে।


সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ২৫ থেকে ৩১ কোটি বই ছাপতে হয়। সাধারণত বইয়ের চাহিদা সংগ্রহ, দরপত্র, মূল্যায়ন, ক্রয়াদেশ ও ছাপাখানার সঙ্গে চুক্তি করতে দীর্ঘ সময় চলে যায়। ফলে ছাপার কাজ শুরু হয় দেরিতে। এর সঙ্গে নানা ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ থাকায় বই বিতরণেও তৈরি হয় জটিলতা। এবার নির্ধারিত সময়ের অনেক আগেই বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে বইয়ের মান নিশ্চিত করতেও নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী