বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যুর পর যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো বাধা ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদনই করা হয়নি।
শনিবার ২৮ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ করে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন। রাশেদ খাঁন বলেন, শারমিন গ্রেপ্তারের পর তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তার জামিনে মুক্তির দাবি জানিয়েছিলেন। তবে পরে আওয়ামী লীগের অরাজকতার কারণে বিষয়টি আর আলোচনায় থাকেনি বলে দাবি করেন তিনি।
ছেলের মৃত্যুর পর শারমিনকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে উদ্বেগ তৈরি হলে গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান রাশেদ। তার দাবি, জেলা প্রশাসক তাকে জানিয়েছেন, শারমিনের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন কিংবা ফোনকল তারা পাননি। এমনকি তার স্বামী বা পরিবারের কেউ ছেলের মৃত্যুর খবর জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি। রাশেদ আরও দাবি করেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নিয়ে যাওয়ার পরও সিনিয়র জেলার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। তবে কারাবন্দী কোনো ব্যক্তিকে পরিবারের সদস্যের মরদেহ দেখানোর আইনগত ক্ষমতা সিনিয়র জেলারের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না দাবি করে রাশেদ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে এবং সেই আবেদন প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত। তিনি আরও বলেন, গোপালগঞ্জের মতো এলাকায় সরকার দমন-পীড়নের পরিবর্তে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন অবস্থায় সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না—এমনটা হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও শ্রদ্ধাশীল।
পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে প্যারোলে মুক্তির বিষয়ে জানানো হলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী তুর্যের মৃত্যুর পর কারাগারে শেষবারের মতো তার মুখ দেখেন মা শারমিন সুলতানা শর্মী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে তুর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। শারমিন বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাবন্দী রয়েছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন