ঢাকা | |

১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পাকিস্তান সফরে গিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন, ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্যেই ১৯৭১ সালের যুদ্ধে ভূমিকা রেখেছিল।


গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনের সময় ১৯৭১ সালের যুদ্ধ ও ঢাকার পতনের প্রসঙ্গ তুলে ধরেন স্পিকার। তার বক্তব্য উদ্ধৃত করে বিবিসি উর্দু জানায়, বাঙালিরা সে সময় গণতান্ত্রিক অধিকার দাবি করলেও তাদের সেই অধিকার দেওয়া হয়নি। একই সঙ্গে ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর বিষয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন।


বাংলাদেশে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল নিয়েও সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমেদ। তার অভিযোগ, ওই সময়ে বাংলাদেশ কার্যত ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল এবং এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও কঠোর মন্তব্য করেছেন স্পিকার। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তার দেশে ফেরার বক্তব্যকে সমর্থকদের আশ্বস্ত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, আগামী অন্তত ১০ বছরের মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।


ভারতে আশ্রয় নেওয়ার বিষয়েও শেখ হাসিনার সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে অনুরোধ জানিয়েছে, তা উল্লেখ করে বলেন, ভারত তাকে প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এ ক্ষেত্রে কী আইনি ভিত্তিতে সেই পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। অন্যদিকে, ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত অনুরোধ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখছে।


কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। তার মতে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রসঙ্গে বাংলাদেশের ফুটবল সমর্থকদের কথাও তুলে ধরেন স্পিকার। তার দাবি, ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচে গ্যালারিতে উপস্থিত প্রায় সবাই পাকিস্তানকে সমর্থন করেছিলেন। তবে ওই ম্যাচে ভারত ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে।


হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৬৮ সালে তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ থেকে ২৯ নভেম্বর সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন তিনি। বাংলাদেশের জাতীয় সংসদের কোনো দায়িত্বপ্রাপ্ত স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর। সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার। তার এই সফর এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্য নতুন করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের আলোচনা সামনে এনেছে।


সূত্র: ইন্ডিয়া টুডে

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী