ঢাকা | |

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের এক শিশুকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে বাবু
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়
বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের এক শিশুকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে বাবু শেখ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, প্রতিশোধের উদ্দেশ্যে শিশুটিকে কৌশলে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে প্রথমে যৌন নির্যাতনের চেষ্টা এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে গুরুতর আহত করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, গ্রেপ্তারকৃত বাবু শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাটির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।


পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা মনিরুল ইসলামের সঙ্গে বাবু শেখের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। তদন্তকারীরা জানান, গত রোববার সকালে বাবু শেখ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে বের করে নিয়ে যান। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ড এলাকায় নিয়ে গিয়ে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন দুর্গম পাহাড়ি স্থানে ওঠেন। সেখানে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়।


গুরুতর আহত অবস্থায় শিশুটি জঙ্গলের ভেতর থেকে হেঁটে নির্মাণাধীন একটি সড়কের কাছে পৌঁছালে সেখানে কর্মরত শ্রমিকরা তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। নিহত ইরা মনি কুমিরা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মনিরুল ইসলাম পেশায় টমটম চালক। এ ঘটনায় মঙ্গলবার সকালে কুমিরার কাজীপাড়া এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে আটক করে পুলিশ। তিনি মূলত গাইবান্ধার বাসিন্দা হলেও কুমিরায় ভাড়া বাসায় থাকতেন।


পুলিশ জানায়, অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটির ওপর যৌন নির্যাতন ঘটেছিল কি না, তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন