নেপালের সাধারণ নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় দলটি দুই-তৃতীয়াংশ আসনের কাছাকাছি পৌঁছে গেছে বলে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে। এই ফলাফলের মধ্য দিয়ে দেশটির প্রথাগত রাজনৈতিক দলগুলোকে পিছনে ফেলে ক্ষমতায় আসছে আরএসপি। দলটির নেতা বালেন্দ্র শাহ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ একসময় র্যাপার হিসেবে পরিচিত ছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। এবার জাতীয় রাজনীতিতেও বড় সাফল্যের পথে তিনি।
গত বছর জেন-জি আন্দোলনের পর কে পি শর্মা অলির সরকারের পতনের পর থেকেই নেপালের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। সেই পরিবর্তনের প্রতিফলন এবার নির্বাচনের ফলাফলেও স্পষ্ট হয়েছে। বালেন্দ্র শাহর নেতৃত্বে তরুণ ভোটারদের ঢেউয়ে বহু অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিক এবার পরাজিত হয়েছেন। তবে ব্যতিক্রম হিসেবে জয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, যিনি ‘প্রচণ্ড’ নামে পরিচিত। তিনি রুকুম ইস্ট আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন তিনি।
পুষ্প কমল দহল একসময় মাওবাদী আন্দোলনের নেতা ছিলেন এবং দীর্ঘদিন রাজতন্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। পরবর্তীতে মূলধারার রাজনীতিতে এসে তিনি তিন দফায় নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবারের নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি ঝাপা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হয়েছেন। নেপালি কংগ্রেসের নেতা গগন থাপাও এই নির্বাচনে হারেন। সারলাহি-৪ আসনে আরএসপির প্রার্থী অমরেশ কুমার সিংয়ের কাছে তিনি পরাজিত হন।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন নেপালের রাজনীতিতে বড় প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক শক্তি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন