দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ১৬ জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ৯ জেলায় নতুন করে বন্যা অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা এবং অতিরিক্ত জলীয়বাষ্পের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এদিকে রাজধানীর টানা বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা ও পানির চাপে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যানবাহনকে সতর্ক হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন