খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল ও গমের দাম কমাতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ে, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আশা করি, দ্রুতই চালের দাম আবারও সহনীয় পর্যায়ে চলে আসবে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বন্ধু।
রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী।
খাদ্যমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে গম রপ্তানির আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন