যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর তাঁর প্রশাসনের নীতিতে এমন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ‘দ্য হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে কিউবা ইস্যুর একটি সমাধান দেখতে চান তিনি। এ বিষয়ে তাঁর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশেষ আগ্রহ দেখাবেন বলেও ধারণা তাঁর। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন। কিউবাকে স্বাধীন করার জন্য সামরিক শক্তি ব্যবহারের নির্দেশ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটি নিয়ে পদক্ষেপ নিতে চান। এ বিষয়ে কাজ করার মতো উপযুক্ত ব্যক্তি তাঁর প্রশাসনে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সেই ব্যক্তি হলেন মার্কো রুবিও। কিউবার সঙ্গে রুবিওর পারিবারিক সম্পর্ক থাকায় বিষয়টি নিয়ে তাঁর আগ্রহ থাকার কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট কিউবাকে একটি ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন এবং দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান। এ সময় ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের কাছ থেকে পাওয়া সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, অতীতে ফ্লোরিডার কিউবান ভোটারদের ৯৪ শতাংশের সমর্থন পেয়েছিলেন তিনি এবং বর্তমানে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে দুর্ব্যবহারের শিকার হওয়া ব্যক্তিদের জন্যও তিনি পদক্ষেপ নিতে চান বলে জানান। সাক্ষাৎকারে উপস্থাপক হিউ হিউইট জানতে চান, কিউবায় এক সপ্তাহের সীমিত সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। উত্তরে ট্রাম্প বলেন, এ ধরনের পদক্ষেপ বিবেচনা করতে তাঁর আপত্তি নেই। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে অন্য কাজে মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ অনুযায়ী, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে কথিত নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে গুরুত্ব দেবেন ভ্যান্স।
ট্রাম্পের বক্তব্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে শত শত কোটি ডলার এবং হরমুজ প্রণালি পেয়েছে।তাঁর এ ঘোষণার পর পরিস্থিতি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ট্রাম্পের এ সিদ্ধান্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের জন্যও ছিল অপ্রত্যাশিত। গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি কার্যকর করা এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আলোচক দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা বিবেচনা করছিলেন ভ্যান্স। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার প্যারিসে জি-৭ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক হামলা পুনরায় শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার পথে এগোনোর সিদ্ধান্ত আপাতত নিচ্ছেন না ট্রাম্প। বরং ইরান সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছেন তিনি। ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র একাধিকবার প্রত্যাখ্যান করেছে। রুবিও ওই প্রস্তাবকে ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়’ বলে অভিহিত করেন। এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’। কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আপাতত পরিকল্পিত হামলা স্থগিত রাখবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ চালু রাখার পক্ষে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সংঘাত পুরোপুরি থেমে যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে দেশটির একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপেও হামলা চালিয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। নির্বাচনী ফলাফলের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধও জানিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স মন্তব্য করেন, যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হয়েছে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকে কেউ যুক্তিসংগত মনে করলে নিজের অবস্থান জানাতে পারেন বলেও লেখেন তিনি। তবে দলটির পরাজয়ের কারণ কী, তা সবারই জানা বলে মন্তব্য করেন ভ্যান্স। অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন ট্রাম্প। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি অন্য কোনো সিদ্ধান্ত নিতেন না বলেও জানিয়েছেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন