ভারতের ওড়িশার ভুবনেশ্বরে শেষ হয়েছে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট। তিন দিনের এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক।
প্রতিযোগিতার শেষ দিনে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক এনে দেন স্বপ্না খাতুন। নারীদের লং জাম্পে ৬ দশমিক ০৮ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এদিন আরও তিনটি ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ। নারীদের ২০০ মিটার দৌড়ে ২৪ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন সুমাইয়া দেওয়ান। নারীদের শটপুটে ১২ দশমিক ৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পান জাকিয়া সুলতানা। আর পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪ দশমিক ৭৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ পদক জয় করেন হাসিব খান।
রিলে ইভেন্টেও বাংলাদেশের সাফল্য আসে। পুরুষ ও নারী ৪ গুণিতক ১০০ মিটার রিলে এবং পুরুষ ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশের অ্যাথলেটরা। এর আগে প্রতিযোগিতার প্রথম দিনেই নারীদের ১০০ মিটার দৌড়ে ১২ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের পদকযাত্রা শুরু করেন সুমাইয়া দেওয়ান।
দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে ১৩ দশমিক ২২ মিটার লাফিয়ে রৌপ্য পদক এনে দেন স্বপ্না খাতুন। ২৫ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে ১০টি পদক নিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন