ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার বিমা কোম্পানির অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু হয়েছে: অর্থমন্ত্রী মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’!

খেজুরের রস নেই, অথচ তৈরি হচ্ছে চকচকে খেজুরের গুড়! শীতের শুরুতেই রাজশাহীর বাজারে ছড়িয়ে পড়ছে রাসায়নিক দিয়ে তৈরি
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৪ সময়
চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’!

খেজুরের রস নেই, অথচ তৈরি হচ্ছে চকচকে খেজুরের গুড়! শীতের শুরুতেই রাজশাহীর বাজারে ছড়িয়ে পড়ছে রাসায়নিক দিয়ে তৈরি এমন ভেজাল গুড়। চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, কাপড়ের রং, আটা ও কৃত্রিম সুগন্ধি মিশিয়ে রাতারাতি তৈরি হচ্ছে শত শত মণ গুড়। চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় গড়ে উঠেছে দেড় শতাধিক কারখানা। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা, পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।


স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুম এলেই মৌসুমি ব্যবসায়ীরা দক্ষ কারিগর ভাড়া করে এসব কারখানা চালু করেন। প্রতিটি কারখানায় রাতারাতি তৈরি হচ্ছে ২০০ থেকে ৩০০ কেজি গুড়। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকায় চলছে এই কারবার। ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযানও চালিয়েছে প্রশাসন। গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা ও ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে চারঘাটের মেরামতপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয় দেড় লাখ টাকা। ধ্বংস করা হয় নকল গুড় তৈরির রাসায়নিক উপাদানও।


রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় খেজুরগাছ রয়েছে ১১ লাখ আট হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে এক লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় পাঁচ লাখ আট হাজার ১৮টি এবং বাঘায় এক লাখ ২০ হাজার ৫১২টি। অর্থাৎ জেলার প্রায় তিন-চতুর্থাংশ খেজুরগাছ রয়েছে এই তিন উপজেলায়। অথচ প্রতিবছর গাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাত বাড়ছে অস্বাভাবিক হারে। রাজশাহীর অন্যতম বড় গুড়ের বাজার পুঠিয়ার বানেশ্বর হাটে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১১০ টন গুড় আসে। সপ্তাহে দুই দিনের বড় হাটে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টনে। প্রশ্ন উঠছে, খেজুরগাছ কমছে, রসের উৎপাদনও কমছে, তাহলে এত বিপুল পরিমাণ গুড় আসছে কোথা থেকে?


কারিগরদের দাবি, প্রাকৃতিক কারণে আগের মতো গাছে রস পাওয়া যাচ্ছে না। ফলে খাঁটি গুড় তৈরি কঠিন হয়ে পড়েছে। প্রকৃত খেজুরের গুড়ের দাম কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা হলেও রাসায়নিক মিশ্রিত গুড় বিক্রি হচ্ছে মাত্র ১২০ থেকে ১৩০ টাকায়। কৃষক রফিকুল ইসলামের অভিযোগ, কৃত্রিম ফ্লেভার মেশানোর কারণে ভেজাল গুড়ের ঘ্রাণ অনেক সময় আসল গুড়ের চেয়েও বেশি হয়। বড় আড়তদারদের অগ্রিম টাকায় তৈরি হচ্ছে এসব গুড়।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা সমস্যা হতে পারে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও গুরুতর। দীর্ঘদিন ক্ষতিকর উপাদানের সংস্পর্শে থাকলে কিডনি, হৃদ্‌যন্ত্র ও লিভারেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা।


অন্যদিকে বাঘার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানিয়েছেন, অভিযান চালিয়ে কারখানা ধ্বংস, জরিমানা আদায় এবং জব্দ করা গুড় নষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসও জানিয়েছেন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযান চলার পরও যদি আবার কারখানা চালু হয়, তাহলে বাজারে খাঁটি খেজুরের গুড়ের বদলে ভেজাল গুড়ই ছড়িয়ে পড়বে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত