আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগে প্রথম দিনের অনুশীলনের পূর্বে সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। তার মতে, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সব সময়ই শক্ত প্রতিপক্ষ হলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান। হেসন বলেন, পাকিস্তান অবশ্যই সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তবে বাংলাদেশকে যথেষ্ট সম্মান করে তাদের দল, কারণ ঘরের মাঠে টাইগাররা বরাবরই কঠিন প্রতিপক্ষ।
তিনি আরও বলেন, এই সিরিজের কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় কিছুটা ভিন্ন হতে পারে। আগের সিরিজে উইকেটে বাউন্স খুব ধারাবাহিক ছিল না এবং পিচ ছিল তুলনামূলক সাধারণ মানের। এবার উইকেট আগের চেয়ে ভালো দেখাচ্ছে। বাংলাদেশ সফরের দলে পাকিস্তান কয়েকজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। যদিও নতুনদের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন হেসন। তার ভাষায়, দলটি বেশ রোমাঞ্চকর। কয়েকজন নতুন ক্রিকেটার রয়েছেন যারা ‘শাহীনস’ দলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদের সুযোগ দিতে পেরে তিনি সন্তুষ্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও নিজেদের সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে ভালো ফল পেয়েছে পাকিস্তান। এই ধারাবাহিকতা দলকে আত্মবিশ্বাস দিচ্ছে বলেও জানান পাকিস্তান কোচ। হেসন বলেন, শেষ দুটি ওয়ানডে সিরিজে পাকিস্তান বড় ব্যবধানে জয় পেয়েছে এবং দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গা থেকে রান এসেছে, যা দলের জন্য ইতিবাচক দিক।
মিরপুরের উইকেট নিয়ে সব সময়ই বিদেশি দলের আগ্রহ থাকে। এ বিষয়ে হেসন বলেন, এবার উইকেট আগের তুলনায় ভালো মনে হয়েছে। সাম্প্রতিক বিপিএলেও ভালো পিচ দেখা গেছে, যেখানে ব্যাট ও বলের মধ্যে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছিল।
তিনি আশা করেন, এমন উইকেটে দুই দলই সমানভাবে উপকৃত হবে এবং সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন